ইউক্রেইন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে যুদ্ধে জড়াবে পশ্চিম: পুতিন

0
172

অনলাইন ডেস্ক :

পশ্চিমাদের তৈরি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেইনকে আঘাত হানার অনুমতি দিলে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই ধরনের কিছু হলে তা ইউক্রেইন যুদ্ধের প্রকৃতি ও আওতা পুরোপুরি পাল্টে দেবে বলে বৃহস্পতিবার হুঁশিয়ার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি কয়েক মাস ধরে তাদের মিত্রদের কাছে পশ্চিমা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার অনুমতির আবেদন জানাচ্ছেন। এসবের মধ্যে মার্কিন এটিএসিএমএস ও ব্রিটিশ স্টর্ম শ্যাডোস দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রও আছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অনেক ভেতরে আঘাত হানা যাবে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে পুতিন বলেছেন, “এ কারণে এটি শুধু ইউক্রেইন সরকারকে এসব অস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হানার অনুমতি দেওয়ার প্রশ্ন না। নেটো দেশগুলো একটি সামরিক সংঘাতে সরাসরি জড়াবে কি না, এটি সেই সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন।

“যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা নেটো দেশগুলোর, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর ইউক্রেইনের যুদ্ধে সরাসরি জড়িয়ে যাওয়া ছাড়া অন্য কিছু হবে না। এটি হবে তাদের সরাসরি অংশগ্রহণ আর এটি অবশ্যই সংঘাতের গতি প্রকৃতি ও ধরন উল্লেখযোগ্যভাবে পাল্টে দেবে।”

এই নতুন হুমকির ভিত্তিতে রাশিয়া ‘উপযুক্ত সিদ্ধান্ত’ নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন পুতিন।

আপনার মন্তব্য জানান