আড়িয়াল খাঁ নদ খননের মাটিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা

0
334

নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদ খননের মাটি যেখানে সেখানে ফেলায় বন্ধ হয়ে গেছে খাল, কালভার্ট ও স্লুইস গেইটের মুখ। এতে কয়েকটি গ্রামের বিস্তীর্ণ এলাকায় সৃষ্ট হয়েছে জলাবদ্ধতা। ফলে ফসলের আবাদ করতে পারছে না ক্ষতিগ্রস্তরা। অবশ্য পানি নিষ্কাশন পথ বন্ধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।

পানি নিষ্কাশন পথ বন্ধ হওয়ায় ৩ ফসলি জমিগুলোতে বন্ধ হয়ে গেছে ধান, সবজি, কলা, আখসহ ফসলের আবাদ। জলাবদ্ধতার কারণে কিছুই চাষ করতে পারছে না কৃষক। এতে দিশেহারা হয়ে স্থানীয় কৃষকেরা।

স্থানীয় কৃষকেরা বলেন, সবজি খেত, কলা খেত, ধান খেত এগুলো তলায়ে গেছে। আড়িয়াল খাঁ নদী শুকিয়ে গেছে অথচ আমাদের খেতে কোমর পানি। এর কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধি জানান, জলাবদ্ধতা সৃষ্টির কারণে ৩ হাজার একরেরও বেশি ফসলি জমি পানির নিচে।

নরসিংদী বেলাব বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ বলেন, সরকার যদি জলাবদ্ধতা নিরসনে খালটা খনন করে দেয়, তাহলে কৃষকেরা উপকৃত হবে।

অবশ্য বালু ভরাট করে খাল-স্লুইস গেটের পানি নিষ্কাশন পথ বন্ধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।

নরসিংদী বেলাব উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন বলেন, পানির ব্যবস্থাপনা কি হবে, সেটার সুনির্দিষ্ট নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি। তার ব্যত্যয় যদি হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেয়া হবে।

বিন্নাবাইদ ইউনিয়নে জলাবদ্ধতার কারণে এক হাজারেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্থ।

আপনার মন্তব্য জানান