বোচাগঞ্জে ২০১৭ সালের বন্যায় ভেসে যাওয়া ব্রিজ নির্মাণ হয়নি আজও

0
383

দিনাজপুরের বোচাগঞ্জে ২০১৭ সালের বন্যায় তুলাই নদীর শাখা মনি দাঁড়ার বড়ুয়া ব্রিজ ভেঙ্গে ভেসে যাওয়ার দুই বছর পরেও মেরামত হয়নি। ব্রিজটি মেরামত না হওয়ায় উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের ৪ গ্রামের হাজার হাজার মানুষকে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বড়ুয়া গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম জানান, ২০১৭ সালের বন্যায় সময় পানির প্রবল স্রোতে তুলাই নদীর শাখা মনি দাঁড়ার বড়ুয়া ব্রিজ ভেঙ্গে ভেসে যায়। শুষ্ক মৌসুমে মানুষ চলাচল করতে পারলেও বর্ষায় নদীতে পানি থাকায় চলাচল বন্ধ হয়ে গেছে। বড়গাঁও, বন্ধুগাঁও, মালগাঁওসহ আশপাশের হাজার হাজার মানুষকে প্রায় ৬ কিলোমিটার রাস্তা ঘুরে ইউনিয়ন পরিষদসহ উপজেলা সদর ও জেলা সদরে যেতে হচ্ছে।

তিনি আরো জানান, ব্রিজটি ভাল থাকার সময় ৪টি গ্রামের মানুষ মাত্র ২ কিলোমিটার রাস্তা অতিক্রম করে সহজেই গঙ্গাপুর মেইন সড়কে গিয়ে উপজেলা সদরসহ জেলা সদরে পৌঁছাতে পারতো। কিন্তু ব্রিজটি ভেঙ্গে যাওয়র পর এখন ওই এলাকার মানুষ বিকল্প রাস্তা দিয়ে বন্ধুগাঁও হয়ে পুলহাট ও নেহালগাঁও কাকদুয়ার হয়ে হাট মাধবপুর বাজারে ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

৪ নম্বর আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিলউদ্দীন জানান, সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কের গঙ্গাপুর তুলাই নদীর মনি দাঁড়ার ওপর বড়ুয়া ব্রিজ ও রাস্তা ২০০২ সালে নির্মিত হয়। সেই থেকে এই এলাকার মানুষ বড়ুয়া ব্রিজ দিয়ে যাতায়াত করত। কিন্তু ২০১৭ সালের বন্যায় ব্রিজটি ভেসে যায়। এরপর দুই বছর অতিবাহিত হলেও নতুন করে ব্রিজটি নির্মাণ না হওয়ায় এলাকার মানুষকে দুর্ভোগ পড়তে হয়েছে।

এলাকার মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে ব্রিজটি দ্রুত নির্মাণ করার জন্য স্থানীয় সংসদ সদস্য ও নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ডিও দিলেও এলজিইডি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এলাকাবাসী যাতায়াতের সুবিদার্থে দ্রুত বড়ুয়া গ্রামে ভেঙ্গে যাওয়া তুলাই নদীর মনি দাঁড়ার ওপর একটি নতুন ব্রিজ নির্মানের দাবি জানিয়েছে।

আপনার মন্তব্য জানান