গত ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেয়া হয়। এরপর থেকে ভারতের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে পাকিস্তানের। দু’দেশের সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষধর সাপ উপহার দেওয়ার হুমকি দিয়েছিলেন পাকিস্তানি গায়িকা ও অভিনেত্রী রবি পীরজাদা। ওই ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল লাহোরের আদালত। এবার তিনি নরেন্দ্র মোদিকে আত্মঘাতী বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
পাকিস্তানের খ্যাতনামা গায়িকা ও অভিনেত্রী পীরজাদা মঙ্গলবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন । সেখানে দেখা গেছে, পোশাকের ওপরে পুরো শরীরে বোমা বেধে রেখেছেন তিনি। সঙ্গে লেখা, মোদি হিটলার। আমার আশা…। নিজেকে কাশ্মীরের মেয়ে বলেও সম্বোধন করেছেন তিনি।
ওই ছবিটি পোস্ট করার পর থেকেই তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। ভারতীয়দের অনেকেই এই অভিনেত্রীর কার্যকলাপকে হাস্যকর বলে উল্লেখ করেছেন। অনেকেই বলছেন, এমন কাণ্ডজ্ঞানহীন ছবি পোস্ট করে পাকিস্তানের ভাবমূর্তিই নষ্ট করছেন পীরজাদা।
পীরজাদার এই পোশাককে উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ করে চলেছেন নেটিজেনদের একাংশ । কেউ বলছেন, বাহ! পাকিস্তানে ঐতিহ্যবাহী পোশাকে দারুণ লাগছে আপনাকে। আর অন্য একজন আবার তার পোশাককে পাকিস্তানের জাতীয় পোশাক বানানোর জন্য ইমরান খানের কাছে অনুরোধ করেছেন।
এর আগে, পীরজাদা জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেয়ার প্রতিবাদ জানিয়ে বিষধর সাপ উপহার দেওয়ার হুমকি দিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল পাঞ্জাব ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এবং পার্কস ডিপার্টমেন্ট।
পাইথনসহ বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী রাখার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।









