ফোরকান মাহমুদ: ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি এবছর এক ভিন্ন রূপে উদযাপিত হয়েছে, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল ৪টায়, স্থানীয় সময়, হেলসিংকির ভালকিয়া তালোতে (Valkia Talo) স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ফিনল্যান্ডে বসবাসরত বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর পরের পর্বে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, যেখানে উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের কোয়ালিশন কোকোমুস (Kokoomus) পার্টির এমপি আত্তে কালেভা। তিনি বিজয়ী শিশুদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন এবং তাদের সৃজনশীলতার প্রশংসা করেন।
অতঃপর, এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আত্তে কালেভা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ফিনল্যান্ডে বসবাসরত বিদেশি কমিউনিটিগুলোর ভাষা ও সংস্কৃতি রক্ষায় তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের কমিউনিটির অবদান ও ভিসাপ্রক্রিয়া সহজ করার ব্যাপারে সরকারের ইতিবাচক মনোভাবের কথা উল্লেখ করেন। এছাড়া, হেলসিংকিতে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা আহ্বান জানান।
এ অনুষ্ঠানটির তৃতীয় পর্ব ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বাংলাদেশি ব্যান্ড ‘অচেনা’, ফিনল্যান্ডের জনপ্রিয় ব্যান্ড মিকা হাস্সি আয়োলাহ্তো, নেপালের সারধ সাক্ষ এবং ঘানার ওসমান অংশগ্রহণ করেন। শিল্পীরা নিজস্ব ভাষায় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
এছাড়া, দেশীয় খাবার ও পোশাকের স্টলগুলো অনুষ্ঠানটির আরো আকর্ষণীয় দিক ছিল। আয়োজনের শেষ অংশে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজনের প্রধান তসলিমা জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়ান সাইফুল, আর কারিগরি সহযোগিতা প্রদান করেন আরিফ, আলী বাবু, আজিজুল হক, ইমন আহমেদ, তাপস খান, কাজিম উদ্দিন, রাকিবুল, নোমান আব্দুল্লাহ প্রমুখ।
এটি ছিল একটি অপূর্ব সাংস্কৃতিক মিলনমেলা, যেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, সবার মধ্যে ঐক্য এবং মাতৃভাষার প্রতি সম্মান উদযাপন করা হয়েছে।









