অ্যাডিলেড টেস্টে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর যতটা প্রশংসায় ভাসছে অস্ট্রেলিয়া, ঠিক ততটাই স্টিভেন স্মিথের ওপর ক্ষেপে গেছেন সাবেক অজি ক্যাপ্টেন ইয়ান চ্যাপেল। ওই টেস্টে অস্ট্রেলিয়া ফিল্ডিং করার সময় স্মিথ নিজের সিদ্ধান্ত অধিনায়ক টিম পেইনের উপরে চাপিয়ে দিচ্ছিলেন বলে অভিযোগ করেছিলেন তিনি। চ্যাপেলের মতে, পেইনকে অগ্রাহ্য করে ফিল্ডার সাজাচ্ছিলেন স্মিথ। সে পেইনের গুরুত্ব খর্ব করার চেষ্টা করছে। সরাসরি না করে এভাবেই ভিতরে ভিতরে গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা চলছে পেইনকে।
এই অভিযোগের জবাবে স্মিথ বলেন, ‘আমি সব সময় শুধু চেষ্টা করি টিমকে (পেইন) সাহায্য করার।’ চ্যাপেল যে অভিযোগ করেছেন, তার জবাবে কী বলবেন? আপনি সত্যিই পেইনের গুরুত্ব খর্ব করার চেষ্টা করছেন? স্মিথের জবাব, ‘টিম (পেইন) কিন্তু অধিনায়ক হিসেবে দারুণ করছে। আমি শুধু চেষ্টা করি মাঝে মাঝে ওকে পরামর্শ দিতে। সাহায্য করতে। আমি চাই সব রকম ভাবে দলের কাজে আসতে। দলকে সাহায্য করতে। পেইনের গুরুত্ব খর্ব করার চেষ্টা করছি না।’
এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরে এসে অ্যাশেজে দুর্দান্ত খেললেও স্মিথ অবশ্য পাকিস্তানের বিপক্ষে কিছুই করতে পারেননি। দুই টেস্ট মিলিয়ে তার রান মাত্র ৪০। ডাবল এবং ট্রিপল হাঁকিয়ে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। পাশাপাশি রান করছেছেন তিন নম্বরে নামা মার্নাস লাবুশানে, যাকে অস্ট্রেলীয় ক্রিকেটাঙ্গনে ‘স্মিথের শিষ্য’ বলে চিহ্নিত করা হচ্ছে। স্মিথ বলছেন, ‘আমি যখন বিশেষ কোনও অবদান রাখতে পারি না মাঠে, তখন অত্যন্ত খারাপ লাগে। তবে ছেলেরা দারুণ খেলেছে।’









