পাকিস্তান জয়ের আনন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে ভাগ করে নিলেন ক্রিকেটাররা

0
148

 

নিজস্ব প্রতিবেদক :

ক্ষমতার পালাবদলের পর ঢাকায় যখন টালমাটাল অবস্থা; জাতীয় দলের ক্রিকেটাররা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারানো মিশনে ব্যস্ত।

পাকিস্তানের সঙ্গে সেই টেস্ট সিরিজ জয়ের আনন্দ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভাগ করে নিলেন বিজয়ী ক্রিকেটাররা।

প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বিজয়ী ক্রিকেট দলকে উষ্ণ অভ্যর্থনা দেন সরকারপ্রধান।

খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে এই বিজয় ‘ঐতিহাসিক’। পুরো জাতি তাদের এই অর্জনে ‘গর্বিত’।

“জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম; তাদের অভিনন্দন জানিয়েছিলাম। কিন্তু আমি দলের সব সদস্যের সঙ্গে সশরীরে দেখা করার জন্য এবং তাদের অভিনন্দিত করার জন্য উন্মুখ হয়ে অপেক্ষায় ছিলাম,” ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন প্রধান উপদেষ্টা।

সম্প্রতি অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকসে দূত হিসাবে যুক্ত ছিলেন বাংলাদেশের প্রথম নোবেলবিজয়ী ইউনূস। ক্রীড়াঙ্গণের সঙ্গে নিজের সম্মানসূচক এমন সংযুক্তির কথা ক্রিকেটারদের শোনান তিনি।

জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে খেলাধুলার শক্তিশালী ভূমিকার কথাও ক্রিকেটারদের স্মরণ করিয়ে দেন ইউনূস।

ইতালির মিলানো কর্টিনায় ২০২৬ সালে অনুষ্ঠেয় অলিম্পিকস আসরেও ইউনূসকে দূত ও উপদেষ্টা হিসাবে আমন্ত্রণ জানিয়ে রেখেছে ইতালি সরকার। খেলোয়াড়দের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় সেই বিষয়টি প্রকাশ করেন তিনি।

প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেয়ে দারুণ খুশি বাংলাদেশের ক্রিকেটাররা। দলের পক্ষ থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “এখানে আসতে পেরে প্রত্যেক খেলোয়াড়ই খুশি। সত্যিই এটা আমাদের অনুপ্রাণিত করবে।”

আপনার মন্তব্য জানান