আইপিএল নিলামে ভাগ্যের সাহায্য চাইছেন কলকাতা কোচ

0
386

২০২০ আইপিএলের মেগা নিলাম বৃহস্পতিবার। সিটি অব জয় কলকাতায় প্রথমবারের মতো বসছে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের আসর। এ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে নগরবাসীর।

এদিকে, আইপিএল নিলামে ভাগ্যের সাহায্য চাইছেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ মুহূর্তের পরিকল্পনা আঁটছে। গুটি সাজিয়ে নিতে ব্যস্ত তারা। এবার কোচ হিসেবে আইপিএলে অভিযান শুরু করছেন ম্যাককালাম। লিগে তার প্রথম দল ছিল কেকেআর। এ বছর দলটির কোচের হট সিটে বসছেন তিনি।

২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুমে কলকাতার হয়ে খেলেন ম্যাককালাম। পরে ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলেন তিনি। নিলামে দলের টেবিলে বসার জন্য এরই মধ্যে বিমান ধরেছেন সাবেক কিউই বিস্ফোরক ব্যাটার।

দেশ ছাড়ার আগে টুইটে এ কথা জানান ম্যাকালাম। নাইটদের নতুন কোচ জানিয়েছেন, নিলামের জন্য দারুণভাবে উত্তেজিত আমি। কলকাতার স্কোয়াড তৈরির জন্য অনেক পরিকল্পনা রয়েছে আমার।

সেই সঙ্গে ভাগ্যের সাহায্য চাইছেন ম্যাককালাম। টুইটবার্তায় তিনি জুড়ে দিয়েছেন,ভাগ্য সুপ্রসন্ন হলে আমরা দারুণ দল গড়ব। আশা করি, সব পরিকল্পনা দারুণভাবে ফলে যাবে।

প্রসঙ্গত, গেল মৌসুমে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে থেকে লিগ শেষ করে কেকেআর। পারফর্ম্যান্সের বিচারে দল হিসেবে গেলবারের আইপিএলে খুব একটা নজর কাড়তে পারেনি তারা। সেই সঙ্গে দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়েও বারবার প্রশ্ন উঠেছে।

আপনার মন্তব্য জানান