মেহেদী হাসান,মুলাদী প্রতিনিধি :
বরিশালের মুলাদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুলাদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শরীয়ত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এম,পি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদান। তিনি তাদের রাজনৈতিক দূরদর্শিতা ও দেশের প্রতি ত্যাগের নানা দিক তুলে ধরেন। তিনি মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা চান, আগামী ৩ বছর মধ্যে মুলাদী ও বাবুগঞ্জের সকল রাস্তাঘাটের সমস্য সমাধান করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সকাল থেকেই মুলাদীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য র্যালি মুলাদী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।









