মুলাদীতে কাঁবিখা‘র কাজ করা হচ্ছে ভেকু দিয়ে ফসলি জমির মধ্য দিয়ে জোড় পূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

0
586

মুলাদী প্রতিনিধি:

মুলাদীতে ফসলি জমির মধ্য দিয়ে জোড়পূর্বক  রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দুইটি পাকা রাস্তা থাকা সত্বেও একটি বাড়ির জন্য ১৫০ একর জমি নষ্ট করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। উপজেলার চরকালেখান ইউনিয়নের চরকালেখান গ্রামের নোমোকান্দি এলাকায় এ রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। এতে জমির মালিকরা ১৫০ একর ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টির শংকা প্রকাশ করেছেন। রাস্তা নির্মাণ হলে ওই জমিতে আমন ধানসহ চাষাবাদ ব্যাহত হবে। এতে দুই শতাধিক পরিবার ক্ষতিগ্র¯’ হবে। সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় ২৫ জন জমির মালিক রবিবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রাস্তা নির্মাণ বন্ধের দাবী জানিয়েছেন।

অপরদিকে কাজের বিনিমিয় খাদ্য কর্মসূচির কাজ ভেকু দিয়ে করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ইউনিয়ন চেয়ারম্যান হাজ্বী মো. মোহসীন উদ্দীন খান কর্মসৃজন কর্মসূচির কাজ  স্থানীয় শ্রমিক দ্বারা না করিয়ে ভেকু দিয়ে করাচ্ছেন। এতে স্থানীয় হতদরিদ্র পরিবারগুলো কাজ থেকে বঞ্চিত হচ্ছে। বরাদ্দকৃত টাকা লুটপাট করতেই ভেকু দিয়ে রাস্তা নির্মাণের কাজ করা হচ্ছে বলে জানান দরিদ্র পরিবারগুলো।

জমির মালিক নির্মল ঘরামী জানান, চরকালেখান ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নোমোকান্দিতে দুইটি পাকা রাস্তা রয়েছে। এর পরও সিদ্দিক বেপারীর বাড়ি থেকে নির্মল ঘরামীর বাড়ির মধ্য দিয়ে ইউনিয়ন চেয়ারম্যান রাস্তা নির্মাণ শুরু করেছেন। ওই রাস্তা নির্মানের ফলে ১৫০ একর জমিতে আমন ধানের ক্ষতি হবে। জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এছাড়া অন্যান্য ফসল চাষ ব্যাহত হবে। একই বাড়ির নরেন ঘরামী বলেন, বেপারীর বাড়ির জন্য রাস্তা রয়েছে। শুধু একটু ঘুরে আসতে হয় তাই তারা জোড় পূর্বক  ওই জমিতে রাস্তা নির্মাণ করছেন। ভেকু দিয়ে রাস্তা নির্মাণের ফলে জমির দুই পাশে গভীর জলাবদ্ধতা সৃষ্টি হবে। ফসলি জমি রক্ষার জন্য তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর মোহাম্মাদ হোসাইনী বলেন, জমির মালিকদের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান হাজ্বী মো. মোহসীন উদ্দীন খান জানান, জনগনের স্বার্থেই বেপারী বাড়ি থেকে নোমোকান্দি পযন্ত রাস্তা নির্মাণ শুরু করা হয়েছে। তাদের আপত্তি থাকলে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে।

 

আপনার মন্তব্য জানান