মুলাদী প্রতিনিধি:
বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খালাসিরচর গ্রামের মৃত সেকান্দার আলী বেপারীর পুত্র, মো. বজলুর রহমান (৫২) এর বিরুদ্ধে জমি জবরদখল, প্রতারণা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ই আগস্ট সোমবার দুপুর ১:০০টায় মুলাদী প্রেস ক্লাবের শাহজাহান মাহমুদ হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন কাজিরচর ইউনিয়নের মৃত রহমান মৃধার পুত্র, সমাজসেবক ও ইউপি সদস্য মো. নুরুল ইসলাম মৃধা (৫০)।
সংবাদ সম্মেলনে মো. নুরুল ইসলাম মৃধা বলেন, মো. বজলুর রহমানের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব বা ফ্যাসাদ নেই। তবে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার দুই মামা আবুল কালাম ও আবদুছ ছালামের বিএস রেকর্ড মূলে মালিকানাধীন ১৩০ শতাংশের অধিক জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালাচ্ছেন। অথচ ওই জমির প্রকৃত ওয়ারিশগণ দীর্ঘদিন ধরে বৈধভাবে জমিটি ভোগ-দখল করে আসছেন।
তিনি আরও জানান, জমির জবরদখলে বাধা দেওয়ায় এবং প্রকৃত সত্য তুলে ধরায় বজলুর রহমান ক্ষিপ্ত হয়ে গত ১৬ আগস্ট আমার বিরুদ্ধে একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেন। মূলত নিজের অপরাধ ও অপকর্ম ঢাকতেই তিনি এই মনগড়া ও কাল্পনিক তথ্য ছড়াচ্ছেন।
নুরুল ইসলাম মৃধা আরও অভিযোগ করে বলেন, “প্রকৃতপক্ষে মো. বজলুর রহমান একজন সুবিধাভোগী ও ফ্যাসিস্ট চক্রের দোসর। সাধারণ মানুষকে হয়রানি করা এবং বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করার একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকার অনেক লোকজনের কাছ থেকে টাকা নিয়ে তা পরিশোধ করছেন না, যার কারণে তিনি এলাকায়ও ঠিকমতো যেতে পারছেন না।
এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে এবং নিজের মানহানি থেকে রক্ষা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের নিকট মো. বজলুর রহমানের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. নুরুল ইসলাম মৃধা।









