উৎসবকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থান টার্গেট করে ছক কষে থাকে জঙ্গিরা। এবারও দীপাবলি উপলক্ষে বড় ধরনের হামলার পরিকল্পনা রয়েছে বলে গোয়েন্দারা সতর্ক করে দিয়েছেন। অন্তত চারশ স্থানে হামলার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
গোয়েন্দারা বলছেন, দিল্লিকে টার্গেট করেছে জইশ-ই-মুহাম্মদ। দিল্লির অন্তত চারশ ২৫ জায়গায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। হামলার আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবনেও।
এর আগে, নেপাল সীমান্তে চারজন কুখ্যাত জঙ্গিকে ঘোরাফেরা করতে দেখা গেছে বল জানায় এনআইএ। তাদেরও নিশানা দীপাবলি বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে দিল্লিতে দীপাবলির সময় জঙ্গি হামলার শঙ্কা নিয়ে কড়া প্রহরায় প্রশাসন। দিল্লির রোহিনী, নর্থ ইস্ট, সেন্ট্রাল, দ্বারকা, নয়াদিল্লি এলাকাগুলো জঙ্গিদের হামলার ছকের মধ্যে রয়েছে বলে সতর্ক করা হয়েছে এরই মধ্যে।
বিভিন্ন বাজার এলাকা দীপাবলি উফলক্ষে হামলার জন্য টার্গেট করেছে জঙ্গিরা। এমনই দাবি করছে গোয়েন্দাদের রিপোর্ট। সে ক্ষেত্রে, খান মার্কেট, চাঁদনি চক, অ্যাভিনিউ মার্কেটে রয়েছে কড়া প্রহরা।
সাধারণ মানুষের বাইরে ভারতের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির ভবনেও জঙ্গি হামলার শঙ্কা রয়েছে বলে জানা গেছে। গোয়েন্দাদের দাবি, দিল্লির লক্ষ্মীনগর, আনন্দ বিহারকেও টার্গেটে রেখেছে জঙ্গিরা।
দিল্লির দু’শ পুলিশ স্টেশনে বর্তমানে হাই অ্যালার্ট জারি আছে। বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সজাগ রয়েছেন সাদা পোশাকের গোয়েন্দারাও। সবমিলিয়ে দিল্লি এখন নিরাপত্তার বর্মে ঢাকা।









