মোশাররফের পাশে পাকিস্তান সরকার

0
399
পারভেজ মোশাররফ -

রাষ্ট্রদোহীতার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের পক্ষে এবার অবস্থান নিলো দেশটির সরকার। তবে ইমরান খানের সরকার বলছে, বিচারে আসামী হিসেবে মোশাররফ যথাযথ অধিকার পাননি। তাই তাদের অবস্থান হবে একজন আসামীর জন্য সেসব অধিকার নিশ্চিত করার পক্ষে। ব্যক্তি মোশাররফের জন্য নয়।

মঙ্গলবার দেশটির একটি বিশেষ আদালত মোশাররফকে মৃত্যুদণ্ড দেয়। এর প্রতিক্রিয়ায় তার পক্ষে অবস্থান নেয় দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় তারা এই রয়ে ‘ব্যথিত’।

রায়ের পর রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে শীর্ষ কর্মকতাদের বৈঠকের পর পাকিস্তান আইএসপিআরের মহা পরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, একজন সাবেক সেনা কর্মকর্তা, সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যানও পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট- যিনি ৪০ বছর দেশের জন্য কাজ করেছেন, দেশ রক্ষার জন্য যুদ্ধ করেছেন- তিনি কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারেন না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আইনি প্রক্রিয়ায় পরিষ্কারভাবে মোশাররফের মৌলিক অধিকার অস্বীকার করা হয়েছে। সংবিধান অনুসারে ন্যায়বিচার করা হবে বলে পাকিস্তানের সশস্ত্র বাহিনী আশা করছে।

এর পরদিন সেনাবাহিনীর সাথে ‍সুর মেলালেন সরকারের কর্মকর্তারা।  বুধবার পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আনওয়ার মনসুর বলেন, এই রায় ‘অন্যায্য’। এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে দাড়ানোরও ঘোষণা দিয়েছেন তিনি। পরোক্ষভাবে সেটি হবে মোশাররফের পক্ষেই।

ইমরান খানের সরকারের অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা এই মামলায় কোন ব্যক্তি নয়, আইনের পক্ষ হয়ে লড়বো। সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ড. ফিরদাউস আশিক আওয়ান। মোশাররফ ন্যায় বিচার পাননি এবং রায় ঘোষণার প্রক্রিয়াটিও যথাযথ ছিলো না বলে জানান তারা।

অ্যাটর্নি জেনারেল প্রশ্ন রেখে বলেন, যখন মোশাররফ দুবাইর হাসপাতালে আইসিইউতে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন তখন রায় ঘোষণা কতটা জরুরি ছিল।

প্রসঙ্গত এই মামলার রায় গত ছয় বছর ধরে ঝুলে ছিল।

আপনার মন্তব্য জানান