ভারতীয় সিরিয়াল দেখে ‘আরতি’ গাইতে চেষ্টা করছিল মেয়ে- আর তা দেখে রাগে বাসার টিভিই ভেঙে ফেলেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে জানা গেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি একবার নিজ বাসার টিভি দেয়ালে আছড়ে মেরে ভেঙেছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কয়েক বছর আগের ওই ভিডিওটি সম্প্রতি আবার লাইমলাইটে এসেছে ইন্টারনেট জগতে। ভিডিওতে দেখা গেছে, শহীদ আফ্রিদি বলছেন, টিভিতে ভারতীয় সিরিয়াল দেখে তার কন্যা ‘আরতি’ গাওয়ার চেষ্টা করছে। আর এতে ক্ষিপ্ত হয়ে আফ্রিদি তার বাসার টেলিভিশনটি ভেঙে ফেলেন।
ভিডিওটি একটি টিভি অনুষ্ঠানের। যেখানে উপস্থাপক পাকিস্তানের সাবেক এই তারকাকে প্রশ্ন করেন- কখনো রাগ করে টিভি ভেঙেছেন কি না? জবাবে আফ্রিদি বলেন, একবার আমি আমার টিভি ভেঙেছি, সেটি স্ত্রীর কারণে। তখন স্টার প্লাসে একটি নিত্য ধারাবাহিক খুবই জনপ্রিয় ছিলো। স্ত্রী এগুলো দেখতো।
আফ্রিদি বলেন, ‘আমি আমার স্ত্রীকে বলেছিলাম- এসব নাটক দেখলে একা দেখবে, বাচ্চাদের সামনে নয়। একদিন আমি টিভি রুমে এসে দেখলাম আমার এক বাচ্চা স্টার প্লাস দেখার সময় আরতি গাইতে চেষ্টা করছে। তখন টিভি তুলে দেয়ালে আছড়ে মারি।
এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ আফ্রিদির সমালোচনা করেছেন, আবার কেউবা প্রশংসা করেছেন।
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলছেন শহীদ আফ্রিদি। যদিও হাঁটুর ইনজুরিতে সোমবার পরে দেশে ফিরে গেছেন তিনি। সপ্তাহখানেক পর আবার বিপিএলে ফিরবেন বলে আশা করছে তার দল।









