পাকিস্তানের বিমানবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের একটি যুদ্ধবিমান (এফটি-৭) বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি জেলায় এ ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির বিমানবাহিনী।
নিহতরা হলেন, বাহিনীটির স্কোয়াডন লিডার হারিস বিন খালিদ ও ফ্লাইং অফিসার ইবাদুর রহমান।
বিমানবাহিনীর সদর দফতর থেকে দুর্ঘটনার কারণ অনুন্ধানে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত কারণ অনুন্ধানের জন্য আদেশ দেয়া হয়েছে।
এর আগে সর্বশেষ বিমান দুর্ঘটনা ঘটে ২০১৯ সালের অক্টোবর মাসে। পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ধানক্ষেতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। সে সময় দুই পাইলট প্রাণে বেঁচে যান।
সে বছরেরই জুলাইয়ে পাকিস্তান সেনাবাহিনীর একটি এয়ারক্রাফট নিয়মিত প্রশিক্ষণের সময় মোরা কালু রাওয়ালপিন্ডির কাছে বিধ্বস্ত হলে ১৭ জনের প্রাণহানি ঘটেছিল।









