কালকিনিতে সংঘর্ষ: পুলিশের মামলায় আসামি ৩ শতাধিক

0
326

পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনি উপজেলায় সংঘর্ষের ঘটনায় তিন শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এ ঘটনায় কালকিনি থানায় কয়েকজনের নাম উল্লেখসহ করে অজ্ঞাতপরিচয় তিন শতাধিক লোককে আসামি করা হয়েছে।

বুধবার সকালে কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রামবাসীর বরাত দিয়ে তিনি জানান, উপজেলার আলীনগর এলাকার ৭নং ওয়ার্ডের মীরাকান্দি গ্রামের ইউপি সদস্য আলমগীর চৌকিদারের সঙ্গে পার্শবর্তী জেলা সদর উপজেলার ঝাউদি ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের পূর্ব শত্রুতা চলে আসছে।

এর জের ধরে রোববার সকালে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের নেতৃত্বে তার দলবল নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে ইউপি সদস্য আলমগীর চৌকিদারের বাড়িঘরে হামলা চালায়। এসময় বাধা দিলে এলাকাবাসীর ওপর হামলা চালানো হয়।

পরে এ হামলা ঠেকাতে এলাকাবাসীও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ আহত হন ২০ জন। এ ছাড়া হামলাকারীরা আজগর দর্জী, জুয়েল চৌকিদার ও আলম চৌকিদারসহ প্রায় ১০টি বাড়িতে হামলা চালিয়ে লুটপাটের ঘটনা ঘটে।

তবে ঘটনার পর থেকেই মীরাকান্দি গ্রামে পুনরায় হামলার আতঙ্কে শিশু-নারী বাদে কয়েক হাজার পুরুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। হামলার পর থেকেই এখন পর্যন্ত মীরাকান্দি এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে।

অপরদিকে এ ঘটনায় কালকিনি থানা পুলিশ বাদী হয়ে মীরাকান্দি ও ঝাউদি এলাকার প্রায় তিন শতাধিক অজ্ঞাত লোকজনের বিরুদ্ধে মামলা করেন।

ওসি বলেন, মামলায় আসামিদের কিছু লোকজনের নামও উল্লেখ আছে। এ ঘটনায় দুএকজন গ্রেফতারও হয়েছেন। সামনে পরিবেশ যাতে করে শান্ত থাকে এ কারণে এটা করা হয়েছে। আমরা চাই ওই এলাকার উভয়পক্ষের মাঝে শান্তি ফিরে আসুক।

আপনার মন্তব্য জানান