মুলাদীতে চরকালেখান ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন ভূঁইয়ার মতবিনিময় সভায় মানুষের ঢল

0
103

মুলাদী প্রতিনিধি :

বরিশালের মুলাদী উপজেলার ৫ নং চরকালেখান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশী নাসির উদ্দিন ভূঁইয়ার সমর্থনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাজারো মানুষের উপস্থিতিতে ব্যাপক জনসমাগম হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কায়েতমারা গ্রামের ভূঁইয়াবাড়ি মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দুলাল শিকদার।

চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন ভূঁইয়া কায়েতমারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়ার পুত্র। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, “আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন, তাহলে চরকালেখান ইউনিয়নের সকল হাটবাজারের ইজারা মওকুফ করা হবে। প্রতিটি ওয়ার্ডকে মাদকমুক্ত করা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তোলা হবে। পাশাপাশি গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। ৫ নং চরকালেখান ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

এ সময় বক্তব্য রাখেন মুলাদী উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জানে আলম খান, চরকালেখান ইউনিয়ন বিএনপি নেতা আজমির কাজী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশারফ সিকদার, অ্যাডভোকেট শাহীন মাহমুদ, ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সরদার, বিএনপি নেতা বারেক মল্লিক, পলাশ খান এবং চরকালেখান ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা জাহাঙ্গীর আকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা চরকালেখান ইউনিয়নের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। নাসির উদ্দিন ভূঁইয়া উপস্থিত এলাকাবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চেয়ারম্যান নির্বাচিত হলে পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মন্তব্য জানান