0
92

মুলাদীতে তুচ্ছ ঘটনার জেরে যুবকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারধর, আহত ১

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল আমিন মৃধা (২৭) নামের এক যুবকের ফার্নিচার দোকানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে বেদম মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

১৬ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের প্যাদার ব্রিজ সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত আল আমিন মৃধা চরকমিশনার গ্রামের জামাল মৃধার পুত্র।

স্থাণীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে আল আমিন মৃধা তার নিজস্ব ফার্নিচার দোকানে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে একই এলাকার আলমগীর সিকদারের পুত্র আনোয়ার, মিজান ও মাসুম সিকদারের নেতৃত্বে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করে গুরুতর আহত করে এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে।

পরবর্তীতে স্থাণীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে আহত আল আমিনের পিতা জামাল মৃধা অভিযোগ করে বলেন, “আমার ছোট পুত্র জাহিদ  আনোয়ারের একটি ট্রলি চালাতো। সে সময় ট্রলিটি বয়াতি বাড়ি সংলগ্ন খাদে পড়ে যায় এ নিয়ে আনোয়ারের সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই আনোয়ার সিকদার, মিজান সিকদার ও মাসুম সিকদার দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে আমার বড় ছেলে আল আমিনের ওপর এই নৃশংস হামলা চালিয়ে তার হাত ভেঙ্গে পা ভেঙ্গে দিয়েছে  এবং দোকান ক্ষতিগ্রস্থ করছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচার দাবি করছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলেও তিনি জানান।

এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত আনোয়ার সিকদারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলব”—এই বলে সংযোগ কেটে দেন।

আপনার মন্তব্য জানান