বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছেন দেশের জাতীয় ক্রিকেটাররা। তাদের বক্তব্য- দেশের ক্রিকেট ঠিক পথে নেই। তারা মোট ১১ দফা দাবি পেশ করেছেন। দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট খেলা, ক্যাম্প, অনুশীলন থেকে বিরত থাকবেন জাতীয় ক্রিকেটাররা।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঘরোয়া আসরগুলোর পারিশ্রমিকসহ বিভিন্ন ইস্যু নিয়ে নিজেদের ক্ষোভের কথা সাংবাদিকদের কাছে জানিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ তারকা ক্রিকেটাররা।
ক্রিকেটারদের এই ঘোষণায় আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড এবং ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্প নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর ফলে অনিশ্চয়তায় পড়ে গেল ভারতের বিপক্ষে আসন্ন সিরিজও।
তবে সাকিব বলেছেন, যেহেতু অনূর্ধ্ব-১৯ দলের সামনে বিশ্বকাপ আছে, তাই তাদেরকে এই ধর্মঘটের আওতায় রাখা হচ্ছে না। আর দেশের নারী ক্রিকেটাররাও চাইলে তাদের সঙ্গে ধর্মঘটে যোগ দিতে পারেন।
সাকিব আরও বলেছেন, ‘জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেটারসহ সবাই এই ধর্মঘটের অন্তর্ভুক্ত এবং সেটা আজ থেকে। জাতীয় লিগ থেকে শুরু করে প্রথম শ্রেণির ক্রিকেট বলেন, জাতীয় দলের প্রস্তুতি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট বলেন, সবগুলোই এর অন্তর্ভুক্ত।’
‘আলোচনা সাপেক্ষে অবশ্যই সবকিছুর সমাধান হবে। দাবিগুলো যখন মানা হবে তখন আমরা আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব।’
তিনি যোগ করেছেন, ‘আমরাও সবাই চাই ক্রিকেটের উন্নতি হোক। এখানে একটা ক্রিকেটার কেউ তিন-চার বছর খেলবে, কেউ দশ বছর আছে। যারা ভবিষ্যতে আসবে, তাদের জন্য আমরা একটা ভালো পরিবেশ রেখে যেতে চাই যেখান থেকে বাংলাদেশের ক্রিকেট সামনে এগিয়ে যাবে।’
বিস্তারিত আসছে…









