গায়ে আগুন দেয়া সেই কলেজছাত্রীর মৃত্যু

0
335

যশোরের চৌগাছায় গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সেই কলেজ ছাত্রী জেসমিন খাতুন (১৭) মারা গেছেন। বুধবার গভীর রাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেসমিন উপজেলার উজিরপুর গ্রামের হাসান আলীর মেয়ে এবং পশাপোল আমজামতলা মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। গত মঙ্গলবার বিকেলে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ছয় মাস আগে একই গ্রামের মোহম্মদ আলীর ছেলে তিন সন্তানের জনক আবুল কাশেমের সাথে পালিয়ে বিয়ে করে জেসমিন খাতুন। দুই মাস আগে মেয়েটি নিজেই বাবার বাড়িতে চলে আসে। সে সময় তার ইচ্ছায় গ্রাম্য শালিসের মাধ্যমে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে নেয়া হয়। কয়েকদিন আগে মেয়েটি আবারো কাশেমের কাছে চলে যেতে চায়। কাশেমের কাছে না যাওয়ার জন্য তার পরিবার থেকে চাপ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রী নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানকার ডাক্তাররা জেসমিনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মিঠু ওই ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য জানান