মুলাদিতে আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা ও সনদ বিতরন

0
818

অনলাইন ডেস্কঃ আজ আন্তর্জাতিক যুব দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হল ‘খাদ্য ব্যবস্থার রূপান্তর : মানুষের জন্য যুব উদ্ভাবন’। প্রতি বছরের ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক যুব দিবস পালনের প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল। দিনটি প্রথম পালিত হয় ২০০০ সালে। বিশ্বের সব দেশের সরকারের মধ্যে তাদের দেশের যুবকদের প্রতি মনোযোগ দেয়া এবং তাদের প্রয়োজনীয়তা পূরণের জন্য সচেতনতা তৈরি করা এই দিবসের লক্ষ্য। বিশ্বের সব দেশকে এ ব্যাপারে সচেতন করা যে, যুবকদের প্রতি মনোযোগ দেয়ার প্রয়োজন আছে। তাদের শিক্ষা থেকে স্বনির্ভর হওয়ার পথে তাদের সাহায্য করা সরকারের কর্তব্য। এই উপলব্ধি করতে প্রতিবছর যুব দিবস পালিত হয়। বাংলাদেশের জন্য দিবসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ বর্তমানে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীই তরুণ ও যুবক।

সারা বিশ্বের মত বরিশালের মুলাদি উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সনদ বিতরন করা হয়। উক্ত আলোচনা সভায় যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তাফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী। এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি, পল্লী বিদ্যুৎ, মহিলা বিষায়ক কর্মকর্তা, আর্তনাদ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতিসহ সংগঠনের প্রশিক্ষিত সদস্যবৃন্দ।

প্রধান অতিথি নূর মোহাম্মদ হোসাইনী উপস্থিত সবাইকে আন্তর্জাতিক যুব  দিবসের ইতিহাস সম্পর্কে অবগত করেন এবং সসেচ্ছাসেবী সংগঠনকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে দেশের উন্নয়নে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণে উত্তীর্ণ সদস্যদের মাঝে সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্যরা। দ্বিতীয় ধাপে, আর্তনাদ ফাউন্ডেশন, মুলাদি উপজেলা শাখা দুপুর ১২ ঘটিকায় সংগঠনের সদর রোডস্থ কার্যালয়ে তিন শতাধিক বনজ, ফলজ ও ঔষধী গাছ বিতরন করে।

আপনার মন্তব্য জানান