ফিনল্যান্ডে তাসলিমার প্রার্থীতা: বাংলাদেশের প্রবাসী নারীদের জন্য অনুপ্রেরণা

0
370

ফোরকান মাহমুদ, তাম্পেরে, ফিনল্যান্ড

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির স্থানীয় কাউন্সিল নির্বাচনে ক্ষমতাসীন কোকোমুস পার্টি থেকে প্রথম বাংলাদেশি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান তাসলিমা আকতার জামান। আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তিনি ফিনল্যান্ডের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন।

কোকোমুস পার্টি চলতি মাসের ২ তারিখে তাসলিমাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে। এটি কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ফিনল্যান্ডে বসবাসরত হাজারো বাংলাদেশির জন্য এক অনুপ্রেরণার উৎস।

তাসলিমা বলেন, “আমি চাই অভিবাসীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের সমাজের মূলধারায় একীভূত করতে এবং নারীর ক্ষমতায়ন, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও খেলাধুলার প্রসারে কাজ করতে।

তাসলিমা আকতার জামান তার নির্বাচনী প্রচারণায় কিছু সাহসী ও যুগান্তকারী উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছেন, যা ফিনল্যান্ডের সকল জনগণের জন্য একটি উন্নততর সমাজ গঠনে সহায়ক হবে। তার অঙ্গীকারগুলো হলো: অভিবাসীদের দক্ষতা বৃদ্ধি ও সমাজে অন্তর্ভুক্তি নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন ও স্বাধীনতায় যুগান্তকারী পদক্ষেপ, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বাজেট বরাদ্দ, খেলাধুলার প্রসারে অবকাঠামো নির্মাণ ও বাজেট বরাদ্দ বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ, যুবকদের কর্মসংস্থান তৈরিতে বিশেষ পদক্ষেপ, বয়োবৃদ্ধদের জন্য উন্নত সেবা নিশ্চিত করা।

তাসলিমা শুধু রাজনীতিবিদই নন, একজন সমাজসেবীও। তিনি ফিনল্যান্ডের একমাত্র বাংলা অনলাইন সংবাদমাধ্যম ২১ ডটকম এর প্রকাশক এবং ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জনকারী তাসলিমা ২০০৯ সালে ফিনল্যান্ডে পারিবারিক ভিসায় আসেন। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি তিনি অভিবাসী কমিউনিটির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আগামী ২ থেকে ৮ এপ্রিল আগাম ভোট প্রদান করা যাবে। তাসলিমা বলেন, “আমার নির্বাচিত হওয়া কেবল আমার জন্য নয়, এটি হবে পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য গৌরবের অধ্যায়।

তাসলিমা আকতার জামানের এই প্রার্থিতা ফিনল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির জন্য শুধু গর্বের বিষয় নয়, বরং একটি দৃষ্টান্ত। তার বিজয় শুধু হেলসিংকির নয়, বরং পুরো ফিনল্যান্ডের অভিবাসী সমাজের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

আপনার মন্তব্য জানান