- মোঃ মেহেদী হাসান, মুলাদী :
বরিশালের মুলাদীতে ব্যবসায়ী মিলন হাওলাদারকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বানীমর্দন জয়বাংলা বাজারে এ মানববন্ধন করা হয়। গত ২৯ মে বিকেলে মিলন হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়। মিলন হাওলাদার বানীমর্দন গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে। তিনি ঢাকায় মুদি ব্যবসা করেন।
ঈদুল আজহায় বাড়িতে গেলে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের জাকির বাদশার ছেলে আবু তাহের ও নাসির সরদারের ছেলে রাজু সরদার তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাচেষ্টা করে বলে অভিযোগ করেন মিলনের স্বজনেরা। স্থানীয়রা মিলনকে উদ্ধার করে ওই রাতেই মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে সেখান থেকে বরিশাল ও পরবর্তীতে ঢাকায় একটি হাসপাতারের আইসিইউতে ভর্তি করা হয়। গত ২৯ মে এর পর থেকে মিলনের জ্ঞান ফেরেনি বলে জানান তার স্বজনেরা। ওই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার না করায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে মানববন্ধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মিলনের মা কল্পনা বেগম, বানীমর্দন গ্রামের আলাউদ্দীন ফালান সরদার, নাসির হাওলাদার, মামুন হাওলাদার, আব্দুর রশিদ খান, মাহফুজা বেগম প্রমুখ।









