বন্দরনগরী চট্টগ্রামে স্কুলছাত্রীকে নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইলিং করার অভিযোগে গ্রেফতার হলো আপন খালুসহ ৩ জন। বুধবার (১৬ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পাহাড়তলি থানা পুলিশ।
গ্রেফতার তিনজন হলেন- খালু জামাল হোসেন (৩০) ও তার দুই বন্ধু তানভীর আহমেদ রিপন (২৬) ও মো. রাজীব (২৩)।
পুলিশ জানায়, ফেসবুকে পরিচয় গোপন করে স্কুলছাত্রী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আপন খালু। বিশ্বাস স্থাপনের পর নানা ছলছুতোয় কিশোরীর কাছ থেকে আদায় করে নেন তার কিছু ছবি। এরপর সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কিশোরীর মায়ের কাছে দাবি করা হয় ১০ লাখ টাকা। তবে যথারীতি পরিচয় গোপন রেখে।
গ্রেফতার তিনজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি মোবাইল সেট। সেখানে কিশোরীর আপত্তিকর ছবি সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে।
ঘটনার শিকার কিশোরী নগরীর পাহাড়তলি থানা এলাকার একটি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
পাহাড়তলি থানার এসআই পলাশ ঘোষ জানান, জামাল ফেসবুকে ছদ্মনামে একটি আইডি খুলে ওই কিশোরীকে বন্ধুত্বের অনুরোধ পাঠান। কিশোরী সেটা গ্রহণের পর নিয়মিত কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জামাল তাকে ম্যাসেঞ্জারে আপত্তিকর ছবি পাঠানোর অনুরোধ করেন। কিশোরী অপারগতা জানালে জামাল তার আইডি থেকে কিছু ছবি নিয়ে সেগুলো এডিট করে অশ্লীল হিসেবে তৈরি করে তার ম্যাসেঞ্জারে পাঠায় এবং সেগুলো ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এতে কিশোরী ভয় পেয়ে তার ব্যক্তিগত কয়েকটি আপত্তিকর ছবি জামালের ম্যাসেঞ্জারে দেন। তখন জামাল সেই ছবি প্রকাশের হুমকি দিয়ে টেলিফোনে কিশোরীর মায়ের কাছে দশ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে জামাল ওই কিশোরীর ছবি দিয়ে একটি ফেসবুক আইডি খোলেন এবং সেটা কিশোরীকে দেখিয়ে সেখানে আপত্তিকর ছবিগুলো প্রকাশের হুমকি দেন।
এস আই পলাশ বলেন, মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে কিশোরীর পরিবারের সদস্যরা থানায় আসেন। অভিযোগ গ্রহণ করে এবং কিশোরী ও তার মায়ের বক্তব্য শুনে আমরা আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করি। যে মোবাইল নম্বর থেকে কিশোরীর মাকে ফোন করে টাকা দাবি করা হয়েছিল, সেই নম্বরের সূত্রে প্রথমে জামাল এবং পরবর্তীতে দুজনকে গ্রেফতার করি।’
এই ঘটনায় কিশোরীর মায়ের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিনজনকে বুধবার বিকেলে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছ।









