এবার আমরণ অনশন কর্মসূচিতে গেলেন আন্দোলনকারী নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। আজে সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছেন তারা।
গতকাল রবিবার (২০ অক্টোবর) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী শিক্ষকরা। ওই বৈঠকে এমপিওভুক্তির আশ্বাস দিয়ে শিক্ষকদের আন্দোলন ছেড়ে ক্লাসে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তবে মন্ত্রীর ওই আশ্বাসে সন্তুষ্ট নন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুন্নবী ডলার বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। তাঁর আশ্বাসে আমরা সন্তুষ্ট নই, তিনি আমাদের আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যেতে আহ্বান জানিয়েছেন। আমাদের দাবি আদায় না হওয়ায় এ আশ্বাসে আমরা ফিরে যাচ্ছি না। তিনি বলেন, আমাদের একটাই দাবি সারাদেশে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের একযোগে এমপিওভুক্ত করতে হবে। সে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না।
গত ২০ মার্চ এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন নন-এমপিও শিক্ষকরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা ২০ ও ২১ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধা পেয়ে তাঁরা রাজধানীর কদম ফোয়ারা থেকে প্রেস ক্লাব পর্যন্তু সড়কে অবস্থান নেন। পাঁচ দিন অবস্থানের পর শিক্ষামন্ত্রীর আশ্বাসে তাঁরা কর্মসূচি স্থগিত করলেন। তবে গত বছর তাঁরা একটানা ৩২ দিন অবস্থান কর্মসূচি ও অনশন পালন করেছিলেন। সেবারও তাঁরা সরকারের আশ্বাসেই বাড়ি ফিরে গিয়েছিলেন।
জানা যায়, দেশের পাঁচ হাজারেরও বেশি নন-এমপিও প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। সর্বশেষ ২০১০ সালে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল সরকার।









