টাঙ্গাইলের মির্জাপুরে গলায় ফাঁস দিয়ে রঞ্জিত রাজবংশী (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার সকালে সে নিজ বাড়িতে ঘরের ভেতর ধরণার সাথে গলায় উড়না পেচিয়ে ঝুলে আত্মহত্যা করে।
রঞ্জিত উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর মাঝিপাড়া গ্রামের রাম প্রসাদের ছেলে। সে ফতেপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রঞ্জিতের নির্বাচনী পরীক্ষা চলছিলো। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা দেওয়ার কথা ছিলো তার। সকালে বারান্দায় বসে বই পড়ছিল। হঠাৎ রঞ্জিতের ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করতে থাকে। দরজা না খোলায় এক পর্যায় পরিবারের লোকজন টিনের বেড়া কেটে ঘরে ঢুকে রঞ্জিতের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) হাবিবুর রহমান বলেন, আত্মহত্যার সঠিক কোনো কারণ জানা যায়নি। এর আগেও সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলো। তার মানসিক সমস্যা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রঞ্জিতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।









