বাড়ি ফিরলেন সৌদিতে নির্যাতিত গৃহকর্মী হুসনা

0
359

সৌদি আরবে নির্যাতনের হাত থেকে বাঁচার আকুতি জানিয়ে ভিডিওবার্তা পাঠানো সেই গৃহকর্মী হুসনা আক্তার (২৫) অবশেষে হবিগঞ্জের আজমিরীগঞ্জের গ্রামের বাড়ি আনন্দপুরে আপনজনদের কাছে ফিরেছেন। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর তাকে প্রবাসীকল্যাণ বোর্ডের মাধ্যমে হবিগঞ্জ নিয়ে যাওয়া হয় কঠোর নিরাপত্তায়। সাথে ছিলেন হুসনার স্বামী শফি উল্লাহ। এর আগে স্থানীয় সময় দুপুর ২টায় ঢাকার উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি।

বাড়ি ফেরার মাধ্যমে অমানুষিক নির্যাতন এবং দুঃখ-দুর্দশার অবসান ঘটলেও মানসিকভাবে বিপর্যস্ত হুসনা আক্তার। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় হুসনার স্বামী সফিউল্লাহ জানান, গতরাত সাড়ে ৩টায় (২৭ নভেম্বর) তারা হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুরে হুসনার বাবার বাড়িতে পৌঁছেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের একটি গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন হুসনা। এর মধ্যে সিলেটে শফি উল্লার বর্তমান কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন তারা। সেখানেই অসুস্থ হুসনার চিকিৎসা করানো হবে। হুসনার সাথে টেলিফোনে কথা বলার জন্য বললে তিনি বলেন, এ ব্যাপারে হুসনার কথা বলার মতো মানসিক অবস্থা নেই। পরে সুস্থ হলে সে সবার সাথে কথা বলবে।

হুসনা ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খন্দকার জানান, সরকার দ্রুত তাকে আপনজনের কাছে ফিরিয়ে দিয়েছে। যেকোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসন তার পাশে দাঁড়াবে।

সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন হুসনা। ভিডিওবার্তা দেখে তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিন সপ্তাহ আগে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব গিয়েছিলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার হুসনা। রবিবার (২৪ নভেম্বর) দেশবাসীর উদ্দেশে একটি ভিডিওবার্তা পাঠান নির্যাতনের শিকার হুসনা আক্তার। তার স্বামী তাদের এক আত্মীয়ের সাহায্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে।

ভিডিওবার্তায় হুসনা আক্তার সৌদি আবরবে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। হুসনা আক্তারের গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামে। তার বাবার নাম মো. মুজিবুর রহমান।

জানা গেছে, হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের হুসনা আক্তার আর্থিক সচ্ছলতার জন্য গৃহকর্মীর কাজ নিয়ে ২১ দিন আগে একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। সেখানে গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে প্রথমে স্বামী শফি উল্লাহকে ভিডিওবার্তা পাঠান। হুসনার স্বামী ওই এজেন্সিতে গিয়ে এসব কথা জানালে এজেন্সির সংশ্লিষ্টরা তার কাছে দুই লাখ টাকা দাবি করেন এবং হুসনা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। আর্থিকভাবে অসচ্ছল শফি উল্লাহ কোনো উপায় না পেয়ে স্ত্রীকে বাঁচানোর জন্য ওই ভিডিও তার এক ভাইয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করান। পরে গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে সরকার উদ্যোগ নিয়ে তাকে উদ্ধার করে দ্রুত সময়ের মাঝে দেশে ফেরত আনে।

আপনার মন্তব্য জানান