চট্টগ্রামে সীতাকুন্ডের ফৌজদারহাট বাইপাস মোড়ে লরির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে চাঁদপুরের একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলো চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আশরা আনাম খান (১৩), তাসনিম জামান খান (১১) ও সাইফুজ্জামান মিন্টু (৫০)। একই সাথে নিহত মিন্টুর স্ত্রী কনিকা আক্তার (৪০) ও ছেলে মন্টু (১০) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতে পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার মিরপুরের বাসায় যাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান। তাদের বহন করা প্রাইভেট কারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ট্রাফিক বক্সের সামনে এলে ঢাকা থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে এবং দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় আশরা আনাম খান এবং তাসনিম জামান খান দুই বোনের মৃত্যুর পর গুরুতর আহত তাদের বাবা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান মিন্টু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিহত মিন্টুর প্রতিবেশী হাবিবুর রহমান জানান, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর খান বাড়ীর আব্দুর রহমান খানের ছেলে সাইফুজ্জামান মিন্টু, তার দুই কন্যা আশরা আনাম খান ও তাসনিম জামান খান। নিহত সাইফুজ্জামান মিন্টু নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ড. এস.এম মোস্তফা কামাল খানের ভাই এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক।
পরিবারের সদস্যরা জানান, রাতেই তাদের মরদেহ বাড়িতে আনা হবে এবং দাফনের ব্যবস্থা করা হবে।









