সাভারে গৃহবধুকে ধর্ষণ শেষে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত তিন আসামী। জবানবন্দি শেষে রোববার তিন আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মলয় সাহা বলেন, টুকটুকি আক্তার (২০) হত্যা মামলার তিন আসামী সাভার পৌরসভার উত্তর জামসিং এলাকার মৃত আব্দুল জলিল বেপারীর ছেলে জনি আহম্মেদ (২৪), একই এলাকার শুকুর আলীর ছেলে সেলিম মিয়া (২৫) ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার লক্ষীবরদী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জুয়েলকে (২৬) শুক্রবার পৃথক স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রোববার আদালতে তোলা হলে সেখানে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি দেন তারা।
এর আগে ২৫ ডিসেম্বর সাভারে বুধবার ক্ষুদ্র ব্যবসায়ী মিল্লাতের স্ত্রী টুকটুকি আক্তারকে উপজেলার বনপুকুর এলাকার ভাড়া বাড়ি থেকে পার্শ্ববর্তী জামসিং এলাকায় জনির বাড়িতে ডেকে নেয় জনি আহম্মেদ। সেখানে সহযোগি সেলিম মিয়া ও জুয়েলসহ তারা টুকটুকিকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে ওয়ারড্রপে রেখে দেয়। পরে ২৭ ডিসেম্বর শুক্রবার একই এলাকায় লাশ বস্তাবন্দি করে ফেলে যায় তারা।পরদিন বস্তাবন্দি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একই দিন সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।









