দুর্নীতিবিরোধী অভিযান স্বাগত জানিয়ে ডাকসুর পদযাত্রা

0
407

চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে পদযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

ডাকসু ভবন থেকে শনিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় ডাকসু। তবে এই কর্মসূচির বিষয়ে ভিপিকে জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে।

ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর নেতৃত্বে পদযাত্রায় অংশ নেন ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, নজরুল ইসলাম, মুহা. মাহমুদুল হাসান ও রফিকুল ইসলাম সবুজসহ শতাধিক শিক্ষার্থী।

ডাকসুর পদধারীদের প্রত্যেকেই কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা। এ সময় তারা জাতীয় পতাকা ও দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করে।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সাদ বিন কাদের চৌধুরী বলেন, দেশের দুর্নীতি নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অভিযানকে আমরা স্বাগত জানাই।

এর আগে কেউই নিজ দলের নেতাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা করতে পারেনি। দেশরত্ন শেখ হাসিনা এটা করেছেন। একে আরও বেগবান করতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ।

আমরা বিশ্বাস করি, এই চলমান অভিযান অব্যাহত থাকবে। দুর্নীতিবিরোধী এই অভিযানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রসমাজ বদ্ধপরিকর।

এ কর্মসূচি নিয়ে ডাকসুর ভিপি নূরুল হক নূর জানান, তাকে এ বিষয়ে অবহিত করা হয়নি। ডাকসুতে প্রোগ্রামের বিষয়ে কোনো মিটিংও হয়নি।

আপনার মন্তব্য জানান