মাদকসহ পুলিশ কনস্টেবল ও রেলওয়ে নিরাপত্তা সদস্য আটক

0
414

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদকসহ পুলিশ কনস্টেবল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া উপজেলা আজমপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পুলিশ কনস্টেবল আসাদুল্লাহ (৪২); যার পুলিশ (বিপি নম্বর- ৭৮৯৭০৩০৬৮৮)। তিনি দক্ষিণ লালবাগ থানায় কর্মরত আছেন বলে বিজিবিকে জানান। আসাদুল্লাহ কিশোরগঞ্জের ভৈরবের আকবর নগর এলাকার বাসিন্দা আবদুল কাদেরের ছেলে।

অন্যজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য সুমন চন্দ্র বিশ্বাস (৩৬)। তিনি সিলেটের কদমতলী রেলওয়ে ফাঁড়িতে কর্মরত আছেন। সুমন নরসিংদী জেলার রায়পুর উপজেলার নারায়ণপুরের গকূলনগর এলাকার বাসিন্দা হরিদাস চন্দ্র বিশ্বাসের ছেলে। আটকদের রাতেই আখাউড়া থানা হেফাজতে দেয় বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির যুগান্তরকে জানান, আখাউড়া সীমান্তের আজমপুর বিওপির টহল জোয়ানরা রাত সাড়ে ৯টার দিকে আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় একজন পুলিশ কনস্টেবল ও অন্যজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে আধা কেজি গাঁজাসহ আটক করে ক্যাম্পে নেয়া হয়।

তিনি বলেন, আটকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতেই তাদের আখাউড়া থানা হেফাজতে দেয়া হয়েছে।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী যুগান্তরকে বলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা দেয়নি বিজিবি। তবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আটকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সুত্রঃ যুগান্তর ।

আপনার মন্তব্য জানান