শীতার্তদের পাশে ‘আর্তনাদঃবাংলাদেশ ব্লাড ব্যাংক’ এর মানবতার দেয়াল

0
919

মগবাজার ওয়্যারলেস থেকে গ্রীনওয়ে গলি দিয়ে একটু এগিয়ে গেলে শেল্টেক এর একটি বড় ভবন। এর দেয়াল ঘেষেই একটি উদ্যোগ। যা দেখতে উৎসুক মানুষের ভিড়।

দেয়ালের গায়ে পুরানো কাপড় কেন? এমন প্রশ্ন অনেকেরই। দেয়ালের উপরে লেখা দেখে প্রশ্নের উত্তর মিলল।

লেখা রয়েছে – আপনার অপ্রয়োজন হতে পারে অন্য কারো প্রয়োজন। এর ডান দিকে লেখা রয়েছে – আপনার বা আপনার সন্তানের অপ্রয়োজনীয় কাপড় দিয়ে যান। বাম দিকে লেখা রয়েছে – আপনার বা আপনার সন্তানের প্রয়োজনে নিয়ে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গত বছর থেকেই চলছে এমন উদ্যোগের আলোচনা। দেয়ালে সারি সারি সাজানো রয়েছে পুরনো কাপড়। পাশে দুটো কাঠের ঝুড়িতেও পুরনো কাপড়ের দেখা মিলল। তবে অভিনব এই উদ্যোগের উদ্যোক্তাদের খুঁজে পাওয়া গেলো দেয়ালে দেয়া সংগঠনের নাম থেকে। বাংলাদেশ ব্লাড ব্যাংক নামক একটি সামাজিক সংগঠন এই দেয়ালের ব্যবস্থা করেছে।

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ইঞ্জি ফোরকান মাহমুদ জানান, শীতে সুবিধাবঞ্চিত শিশুসহ নারী-পুরুষেরা কষ্ট পান। তাঁদের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র চেষ্টা। আশার কথা হলো, সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এই ক্ষুদ্র প্রচেষ্টা দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। সারা দেশের পাড়া–মহল্লায় যদি তরুণেরা একটি করে ‘মানবতার দেয়াল’ গড়ে তোলেন, তাহলে আসন্ন শীতে গরিব লোকজনকে ততটা কষ্টে পড়তে হবে না। তাই শীতার্তদের কথা মাথায় রেখে গত বছর থেকে এটি শুরু করেছি। সারাদেশে আমাদের এমন ১১ টি দেয়াল রয়েছে।

‘দেয়ালের ধারনা কিভাবে পেলেন’ প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেসবুক ওয়ালে দেখেছিলাম মানবতার দেয়াল নামে কেউ একজন তৈরি করেছিল। সেটা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি যে আমাদেরও এমন কিছু করা উচিত’।

বাংলাদেশ ব্লাড ব্যাংকের বরিশাল টিমের সভাপতি খান ইফতেখারুজ্জামান ফাহিম জানান, দেশে হাজার ধরনের সমস্যা আছে। শুধু রাষ্ট্র তথা সরকার সেই সমস্যার সমাধান করবে, এমনটা প্রত্যাশা করা যৌক্তিক নয়। যেকোনো জাতীয় সমস্যা মোকাবিলায় ব্যক্তির অংশগ্রহণ জরুরি। ব্যক্তি যখন সংগঠিত হয় তখন বড় বড় সমস্যা সহজেই উতরে যাওয়া সম্ভব হয়। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণসমাজ। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় কোনো সংকট মোকাবিলায় তাঁরা যদি সংঘবদ্ধ হন, তাহলে সেটি জাতির মনোবল অনেক বাড়িয়ে দেয়।

এ বিষয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ইউনিট সভাপতি সাজ্জাতুর রহমান জানান ‘মানবতার দেয়াল’ শীর্ষক এই কার্যক্রমের মধ্যে তারুণ্যের যে ঐকতান শুরু হয়েছে, সেটি আশাবহ। এই কার্যক্রম শুধু সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র বা সাধারণ পোশাক পৌঁছে দেওয়া নয়, বরং জন গুরুত্ব সম্পন্ন আরও অনেক বিষয় এর সঙ্গে সম্পৃক্ত হতে পারে।

আপনার মন্তব্য জানান