ফিনল্যান্ডে ‘বেঙ্গলি কমিউনিটি তাম্পেরে (বিসিটি) এর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

0
721

ফোরকান মাহমুদ, ফিনল্যান্ড প্রতিনিধি: হাজার হৃদের দেশ নামে পরিচিত সবুজ অরণ্যে ঘেরা ইউরোপের সবচেয়ে উত্তরের দেশ ফিনল্যান্ড। ফিনল্যান্ড বর্তমানে উচ্চশিক্ষা আকাঙ্ক্ষীদের জন্য স্বর্গে পরিণত হয়েছে যার কারণ উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান, কম টিউশন ফি কিংবা কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ, পর পর কয়েকবার সুখী দেশের তালিকায় প্রথম স্থান, ইত্যাদি কারণে দেশটিতে বিদেশি ছাত্র, গবেষক ও অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও।

উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে ২৭ টি ফলিত বিজ্ঞানের এবং ১৬টি সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষা বর্ষে বাংলাদেশ থেকে হাজারের বেশি ছাত্র ছাত্রী এসেছে। তবে ফিনল্যান্ডে এসে অনেকেই প্রথম দিকে কিছু সমস্যায় পড়েন। মনের কোণে প্রতিনিয়ত উঁকি দেয় হাজারো প্রশ্ন! এর মধ্যে অন্যতম চ্যালেঞ্জসমূহ হলো: পার্ট-টাইম জব সার্চ, স্পাউসের ফিনিশ সমাজে ইন্টিগ্রেশন, সুলভ মূল্যে খাবার ও অন্যান্য জিনিসপত্র ক্রয় ও তার পরিবহণ, ছাত্র হিসাবে কি কি সুবিধা আপনার প্রাপ্য, অসুস্থ হলে কোথায় ফোন করবেন, বাচ্চাদের ডে-কেয়ার ও স্কুলিংয়ের প্রক্রিয়া কী, জরুরী স্বাস্থ্য ও সোশ্যাল কেয়ার আপনি কোন কোন প্রেক্ষাপটে ও কোথা থেকে পেতে পাবেন, ফিনল্যান্ডে ব্যবসা করার কিংবা সফল উদ্যোক্তা হবার প্রক্রিয়া কী, ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার বিজনেস এন্ড কর্পোরেট সেক্টরে আপনার ক্যারিয়ার কিভাবে গড়বেন, কোথা থেকেই বা ম্যানেজ করবেন ইন্টার্নশিপ প্লেস, কিভাবে লিখবেন ফিনিশ আদলে বায়ো-ডাটা, অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত ক্ষেত্রে ফিনিশ পুলিশ ও আইনের সাহায্য কিভাবে পেতে পারেন ইত্যাদি।

আর এসব সমস্যা থেকে উত্তরণে ১ নভেম্বর থেকে শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত অনলাইন কর্মশালা অয়োজন করেছেন ফিনল্যান্ডের ‘বেঙ্গলি কমিউনিটি তাম্পেরে (বিসিটি)’; যাঁরা দীর্ঘদিন এ সমাজ-সংস্কৃতিতে বসবাস করছেন ও স্ব স্ব কর্মক্ষেত্রে নিয়োজিত।

উল্লেখ্য, বিসিটি সম্পূর্ণরূপে অ-রাজনৈতিক, অ-সাম্প্রদায়িক ও লিঙ্গ-নিরপেক্ষ এবং একটি অলাভজনক প্ল্যাটফর্ম। বিসিটি দৃঢ়ভাবে প্রত্যাশা করে যে, এই কর্মশালার মাধ্যমে তাম্পেরেতে বসবাসরত অগ্রজ ও অনুজ বাঙালি সদস্যদের মধ্যে গড়ে উঠবে এক অনিন্দ্য মেলবন্ধন।

আপনার মন্তব্য জানান