ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ইউরোপের একনিষ্ঠভাবে মার্কিন আনুগত্যকে বিশ্ব শান্তির জন্য বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন।
জার্মান দৈনিক স্পাইগেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জাভেদ জারিফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে শক্ত হয়ে দাঁড়ানোর মতো শক্তি ইউরোপীয় নেতাদের নেই। খবর পার্সটুডের।
তিন ইউরোপীয় দেশ জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ‘মশে’ নামক ম্যাকানিজম চালু করার যে হুমকি দিয়েছে সে সম্পর্কে জারিফ বলেন, এই ম্যাকানিজম চালু করার মতো কোনো আইনি দলিল ইউরোপীয়দের হাতে নেই।
এ ব্যাপারে তিনি চীন ও রাশিয়া দৃষ্টিভঙ্গির প্রশংসা করে একমত পোষণ করেন। তিনি বলেন, ইউরোপীয়দের এখন একটি বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুতি নিতে হবে।
সাক্ষাৎকারে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কেও প্রশ্ন করা হয়।
উত্তরে জারিফ বলেন, এনপিটি থেকে ইরানের বেরিয়ে যাওয়ার অর্থ পরমাণু অস্ত্র তৈরি করা নয়; কারণ ইরান ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে এই অস্ত্র তৈরিকে নিষিদ্ধ বলে মনে করে।
মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য থেকে দায়েশ সন্ত্রাসীদের দমনে সোলাইমানির অবদানের পরিপ্রেক্ষিতে তাকে হত্যা করার পর এ অঞ্চলের জনগণের মনে আমেরিকার প্রতি ঘৃণা ও ক্ষোভ তীব্রতর হয়েছে।









