অনলাইন ডেস্কঃ বরিশালের মুলাদি উপজেলায় চরকালেখান ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে গতকাল শুক্রবার বার্ষিক পিকনিক ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং মাদক, যৌতুক ও ইভটিজিং বিরোধী সেমিনার আয়োজন করা হয়েছে।
উক্ত পিকনিক আয়োজনে যুবকসহ বিভিন্ন বয়স ও শ্রেনী পেশার তিন শতাধিক মানুষের অংশ গ্রহনে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকাল তিন ঘটিকায় সাতটি ডিঙি নৌকার বাইচ আয়োজনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ধারাবাহিক ভাবে হাড়ি ভাঙা, চোখ বেধে হাসঁ ধরা, বালিশ খেলাসহ বিভিন্ন মজাদার খেলার আয়োজন করা হয়েছে। ব্যতিক্রম আয়োজন হিসেবে রক্তের গ্রুপ, প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।
সন্ধ্যায় আলফাহাত ইসলাম সিয়ামের সঞ্চালনায়, কচিকাচা ছেলে মেয়েদের নাচ, গান ও অভিনয়ে এবং স্থানীয় শিল্পিদের গানের মাধ্যমে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সাংস্কৃতিক সন্ধ্যা শেষে মাদক, যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ ও শিশুশ্রম বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন হিজলা-মুলাদি সার্কেল, সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মুলাদি থানা অফিসার ইনচার্য ফয়েজ আহমেদ, মানবিক সংগঠন আর্তনাদ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ইঞ্জি ফোরকান মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইঞ্জি ফোরকান মাহমুদ রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে উপস্থিত সকলের মাঝে বিস্তারিত ধারণা প্রদান করেন এবং রাষ্ট্র বিনির্মানে যুবকদের রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করার আহ্বান জানান।
অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ বক্তৃতায় মাদক, যৌতুক, ইভটিজিং এর ক্ষতিকর দিক তুলে ধরেন এবং সমাজকে এর কলুশতা থেকে রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহবান করেন। তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি মারাত্মক সমস্যা। তাই বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার মতিউর রহমান স্বেচ্ছাসেবকদের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহনের দিক নির্দেশনা প্রদান করেন এবং যুব সমাজকে মোবাইল আসক্তি থেকে বের হয়ে খেলাধুলায় অংশ গ্রহনে উৎসাহ প্রদান করেন এবং প্রয়োজনীয় ক্রীড়া ও শিক্ষাসামগ্রী প্রদানের আশ্বস্ত করেন।
সমাপনী বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ উপস্তিত সকল অতিথি, সদস্য, আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুবকদের যেকোন ভালো উদ্যোগে পাশে থাকার আশা ব্যক্ত করেন।
সেমিনার শেষে অতিথিগন বিভিন্ন খেলায় অংশগ্রহণ করা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং রাতের আহার গ্রহণের মাধ্যমে পিকনিক আয়োজনের সমাপ্তি ঘটে।









