পাকিস্তান সফরে টেস্টে অধিনায়ক থাকছেন মুমিনুল হকই। আজ শনিবার সন্ধ্যায় ঘোষিত হয়েছে এ স্কোয়াড।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালিপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট। এই টেস্টের জন্যই আজ ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত এ দলে নতুন কোনো মুখ না থাকলেও কিছু রদবদল ঘটেছে। ভারতের সাথে টেস্টে খেলা দলের বেশ ক’জন এবার নেই। এর মধ্যে মুশফিকুর রহিম তো নেই-ই। টি-টোয়েন্টি সিরিজের মতো মুশফিক টেস্ট খেলতেও পাকিস্তান যাবেন না। তাই তার থাকার কথাও না।
এর বাইরেও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন চারজন। তারা হলেন- ওপেনার সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত।
চোট কাটিয়ে দলে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এছাড়া টেস্ট দলে জায়গা ফিরে পেয়েছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার আর পেসার রুবেল হোসেন।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, ইবাদাত হোসেন, আবু জায়েদ রাহী, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।









