বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর; কবিঃ আলাউদ্দীন শিকদার

0
954

♥বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর♥
আলাউদ্দীন শিকদার।

নতজানু সালাম হে ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর
তুমি বাংলার শ্রেষ্ঠ সন্তান তুমিই মহাবীর,
সমরাস্ত্র সজ্জিত পাক সেনাদের করনিকো কভু ভয়
বোমা কামান গোলাবারুদ তোমার কাছে কিছু নয়,
জন্ম তোমার বরিশালে সন্ধ্যা নদীর তীরে
বাবা কবিয়াল আঃ মোতালিব মা সাফিয়ার নীড়ে,
৭ই মার্চ ১৯৪৯ সনের কাক ডাকা এক ভোরে
ছোট্ট কুটির আলোকিত করে এলে মাতৃক্রোড়ে,
শৈশব কেটেছে রহিমগঞ্জের ধুলোবালিতে খেলে
কৈশোরেতে শিক্ষা লভিতে মামা বাড়ী এলে,
মুলাদী থানাধীন পাতার চরে তোমার মামা বাড়ী
পাতার চর সরকারী প্রাথমিকে শিক্ষা হাতে খড়ি,
যেমন ছিলে অধ্যবসায়ী তেমন বিনয়ী মেধাবী
তাইতো তোমার দেশমাতৃকার কতশত দাবী,
ছাত্রাবস্থায় চাকরী নিলে পাকিস্তান আর্মিতে
মাতৃভূমি ছেড়ে চলে গেলে সুদূর করাচিতে,
মার্কস্ লেনিন মাও-সেতুং কিশোর ক্ষুদিরাম
তিতুমীর আর সূর্য সেনদের তোমার বক্ষে নাম,
চে গুয়েভার প্রীতিলতার জীবনী রপ্ত করেছ তুমি
তাইতো ধমনিতে চেপে বসেছিল স্বাধীন জন্মভূমি,
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ যখন হল শুরু
দেশের তরে মনটা তোমার করছে দুরু দুরু,
পালিয়ে এলে পিস্তল হাতে জন্মভূমি তরে
তোমায় পেয়ে মুক্তি সেনারা ধন্যি ধন্যি করে,
নব উদ্যমে চলছে লড়াই ৭নম্বর সেক্টরে
চারিদিকে পাক সেনাদের ঘাটি নিধন করে,
ক্লান্তিহীন করেছ যুদ্ধ দীর্ঘ ছয়টি মাস
শত সহস্র শত্রু নিপাতেও মিটেনি তোমার আশ,
একে একে নিশ্চিহ্ন করেছ সকল শত্রু ঘাটি
সর্বশক্তি নিয়োগ করেছ রক্ষা করিতে মা মাটি,
একটি মাত্র ছাউনি বাকী ধ্বংশ করিবারে
মেশিনগান হাতে ছুটে চলেছ শত্রুসেনার দ্বারে,
১৪ই ডিসেম্বর ১৯৭১ দিনটি বিষাদময়
পাকসেনাদের ঘাতক বুলেট কপালে বিদ্ধ হয়,
লুটায়ে পড়ল দেহখানি তোমার হে মৃত্যুঞ্জয়ী বীর
বীরদর্পে লড়ে গেলে তুমি উচু করে তব শির,
স্বাধীনতার ঊষালগ্নে ১৪ই ডিসেম্বর
বিজয়কে সুনিশ্চিত করে তুমি হলে পর,
শত সহস্র মুক্তিকামীদের বুক ভেসেছে আঁখিজলে
দু’টি দিনের জন্য আশ্রয় পেলেনা স্বাধীন পতাকা তলে,
মহানন্দাতীরে সোনা মসজিদ মাঠে অন্তিম আশ্রয় নিলে
জাতিকে একটা স্বাধীন পতাকা নিজের করে দিলে,
বীরদের বীর শ্রেষ্ঠ মহাবীর তুমিতো অকুতোভয়
জীবন বিলিয়ে এনে দিলে মোদের মাতৃভূমির জয়,
চন্দ্র সূর্য যতদিন রবে গগনে উদীয়মান
ততদিন জাতি গাইবে তোমার কৃতির গুণগান।

আপনার মন্তব্য জানান