‘পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’। নারী ও পুরুষকে এভাবেই দেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বর্তমানে নারীরা কোনো কাজেই পিছিয়ে নেই। তারা তাদের নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আর কয়েক দশক আগেও কর্মক্ষেত্রে নারীদের পদচারণা চোখে পড়ার মতো ছিলো না। কিন্তু এখন নারীরা ঘরে বাইরে সব পেশায় নিজেদের নিয়োজিত করছে। সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। অনলাইন ব্যবসায়ের প্রবর্তনের ফলে নারীরা আরও বেশি পরিমাণে সফল উদ্যোক্তায় পরিণত হচ্ছে৷ তেমনি একজন মাহফুজা ইসলাম মুক্তা।
মাহফুজা মুক্তা একজন ব্যবসায়ী, উদ্যোক্তা ও সমাজকর্মী। দায়ীত্বে আছেন বিভিন্ন উদ্যোক্তা ও সামাজিক সংগঠনের। তিনি মানবিক সংগঠন ‘আর্তনাদ ফাউন্ডেশন’ এর বরিশাল বি. এম. কলেজ অ্যাম্বাসেডর এবং বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য। পথে পথে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে মাহফুজা মুক্তাকে। তবে দমে যাননি। ২০২০ সাল থেকে মেয়েদের বিভিন্ন পোশাক নিয়ে কাজ করে আজ সে সফল । শুরুতে ব্যবসায়ের মুলধন ৫০০০ টাকা হলেও বর্তমানে তার ব্যবসায়ের মুলধন বহুগুণে বেড়েছে। নিজস্ব পরিমণ্ডলে তিনি এখন একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। সফল এই নারী উদ্যোক্তা সম্প্রতি মুখোমুখি হন অনলাইন জনতার কণ্ঠস্বর পত্রিকার ফোরকান মাহমুদের।
ফোরকান মাহমুদ: আজকে আপনি একজন সফল নারী উদ্যোক্তা। এর শুরুর গল্পটা শুনতে চাই!
মাহফুজা মুক্তাঃ শুরুর গল্পটা কিছুটা অদ্ভুত আসলে। ছোট বেলা থেকেই একটা সুপ্ত ইচ্ছে ছিলো, যে আমার একটা বুটিক হাউস থাকবে। যেখানে শুধু আমার নিজের ডিজাইন করা ড্রেস থাকবে। একটা আউটলেট থাকবে যেখান থেকে আমি মেয়েদেরকে স্কিন কেয়ার প্রোডাক্ট প্রোভাইড করবো। কিন্তু আমার পরিবারের সবাই চাকুরীজীবি। বাবা-মা ছোটবেলা থেকেই একটা মাইন্ডসেট আপ করে দিয়েছিলেন, যে পড়াশোনা করে ভালো চাকুরী করতে হবে। তাই কখনো সাহস করে বলতেই পারিনি যে আমি বিজনেস করতে চাই। সম্প্রতি গতবছর যখন লকডাউন শুরু হয় সবার মতো আমারও বাসায় ঠিকভাবে পড়াশোনা হচ্ছিলো না। আমি হঠাৎ করেই একদিন বাসায় জানাই যে আমি বিজনেস শুরু করতে চাই। বাবা শুনে প্রথমেই সরাসরি না বলে দিয়েছিলেন। আমার হাসবেন্ডকে জানাবার পরে তিনি বলেন,”তুমি ডিপার্টমেন্টের টপার। You have a bright future. Why business? ” আমি বললাম, আমার মনে হয় আমি বিজনেস করলে আরো বেশি ভালো কিছু করতে পারবো। এরপরে তিনি বললেন, ওকে। এরপরে মূলত তাঁর সাপোর্ট থেকেই আমি অফিশিয়ালি বিজনেস টা শুরু করি।
ফোরকান মাহমুদ: আপনার ব্যবসায়ে আসার কারণটা জানতে চাই !
মাহফুজা মুক্তাঃ আসলে নিজের ভালোলাগা থেকেই ব্যবসায়ে আসা। যেহেতু আমি সৃজনশীল মানুষ, বিজনেসের মাধ্যমে নিজের সৃজনশীলতাকে কাজে লাগানো যায়।একজন ব্যবসায়ী সমাজে অনেক অবদান রাখতে পারেন। একজন ব্যবসায়ীই পারেন হাজার হাজার বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে। মূলত এসব কারণেই ব্যবসায়ের সাথে নিজেকে সম্পৃক্ত করা।
ফোরকান মাহমুদ: আপনার ব্যবসার পরিধি বর্তমানে কেমন বেড়েছে ?
মাহফুজা মুক্তাঃ বর্তমানে আমার ব্যবসার পরিধি ব্যাপক বিস্তৃত হয়েছে। প্রথমে আমার বিজনেস ছিলো কেবল মেয়েদের পোশাক, শাড়ি এগুলো নিয়ে। পরবর্তীতে আমি স্কিন কেয়ার এবং মেকাপ আইটেম নিয়েও কাজ করা শুরু করি। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো চলছে। বর্তমানে আমার ব্যবসার পরিধি যেমন বেড়েছে তেমন আমার আয়ের পরিমাণও বেড়েছে, আলহামদুলিল্লাহ।
ফোরকান মাহমুদ: একজন নারী হয়েও এই পর্যায়ে আসতে কতটা বেগ পেতে হয়েছে?
আমি ছোটবেলা থেকেই সৃজনশীল কাজে এক্টিভ ছিলাম,কিন্তু ফ্যামিলি থেকে এটার জন্য কোনো সাপোর্ট পাইনি। এইচএসসি কম্প্লিট করার পর প্রথমদিকে পরিবারকে না জানিয়ে আমি বিভিন্ন সামাজিক সংগঠন,বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করতাম। এরপরে মা কিছুটা সাপোর্ট দেয়া শুরু করেন।আমি আমার কাজকে সব সময়ই পছন্দ করতাম। আর ঐযে বললাম,ছোট বেলা থেকেই একটা ইচ্ছে ছিলো,আমার একটা প্রতিষ্ঠান থাকবে। তবে এটা খুব কঠিন ছিলো, সিদ্ধান্ত নেয়া। কিন্তু আমার আত্মবিশ্বাসী ছিলাম, আমি জানতাম আমি পারবো! তবে এক্ষেত্রে আমার হাসবেন্ড সবসময়ই আমাকে সাপোর্ট করেছেন! আর একটা কথা হচ্ছে, পরিশ্রম করলে সফলতা আসবেই! এখনও পরিশ্রম করছি, বাকিটা আল্লাহর ইচ্ছে।
ফোরকান মাহমুদ: নারী হিসেবে ব্যবসা করতে এসে কোন কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন ?
মাহফুজা মুক্তাঃ অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। প্রথমদিকে পরিবার,আত্মীয়স্বজন কেউ সাপোর্ট করেনি! বোনেরা বলেছিলো আমাদের বংশের মেয়েরা বিজনেস করেনি,তোমার করা ঠিক হবেনা! তুমি ব্রাইট স্টুডেন্ট এইসব করে কেন সময় নষ্ট করবে! পড়াশোনায় মন দাও। অনেকে অনেক কথা বলতো,কিন্তু আমি হতাশ হয়নি। কারণ আমি ভাবতাম, যে যাই বলুক বা ভাবুক আমি তো জানি আমি কি রকম এবং আমি কি করছি! সফলতায় পৌঁছাতে বাধা আসবেই। আমি আমার স্বপ্ন থেকে একটুও পিছিয়ে যায়নি, তাই আমি আজ সফল।
ফোরকান মাহমুদ: নতুন নারী উদ্যোক্তাদের জন্য আপনার কী পরামর্শ?
মাহফুজা মুক্তাঃ নতুন নারী উদ্যোক্তা যারা আছেন, তাদের জন্য আমি বলবো, উদ্যোগ নেয়া সহজ কিন্তু সেটাকে বাস্তবায়ন করা কঠিন। লক্ষ্য অটুট থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে! তাহলে সফলতা আসবেই। বর্তমান সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অনেক সুযোগ করে দিয়েছেন। এই সুযোগগুলো ব্যবহার করে সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে… পথ পথিকের সৃষ্টি করেনা…পথিকই পথের সৃষ্টি করে।
ফোরকান মাহমুদ: আপনাকে অনেক ধন্যবাদ।
মাহফুজা মুক্তাঃ জনতার কণ্ঠস্বর পরিবারকেও ধন্যবাদ ।









