ফোরকান মাহমুদ, তাম্পেরে, ফিনল্যান্ড।
হাজার হৃদের দেশ নামে পরিচিত সবুজ অরণ্যে ঘেরা ইউরোপের সবচেয়ে উত্তরের দেশ ফিনল্যান্ড। হেলসিংকি এ দেশের সর্ববৃহৎ শহর ও রাজধানী। ফিনল্যান্ড বর্তমানে উচ্চশিক্ষা আকাঙ্ক্ষীদের জন্য স্বর্গে পরিণত হয়েছে যার একমাত্র কারণ উচ্চমানের শিক্ষাব্যবস্থা।
সম্প্রতি বাংলাদেশি ছাত্রদের কাছে উচ্চশিক্ষা অর্জনের জন্য ফিনল্যান্ড বেশ গুরুত্বপূর্ণ একটি দেশে পরিণত হয়েছে। যার ফলে প্রতি বছর বর্ধিত হারে বাংলাদেশি ছাত্র ফিনল্যান্ডের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট এবং পোস্ট ডক্টরেট ডিগ্রি নিতে আসছে।
ফিনিশ শিক্ষা খাত সম্পূর্ণটাই সরকারি মালিকানাধীন। এখানে বেসরকারি খাতের কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই। ছাত্র-শিক্ষক সম্পর্ক এখানে খুবই ঘনিষ্ঠ। একজন ছাত্র অনায়াসেই তার শিক্ষকের সঙ্গে শিক্ষা সংক্রান্ত যে কোনো ব্যাপারে খোলামেলা আলোচনা করতে পারে। শিক্ষকরা এখানে খুবই সহায়ক ছাত্রদের যে কোনো সমস্যা সমাধানের ব্যাপারে। ২০১৫ সালের চওঝঅ গবেষণা অনুসারে ফিনিশ স্কুল সিস্টেম বিশ্বের সেরা স্কুল সিস্টেমগুলোর মধ্যে অন্যতম। এখানে প্রথম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্র-শিক্ষক সবাই একে অপরকে নাম ধরে সম্বোধন করে।
ফিনিশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশুনার ওপর কোনো টিউশন ফিস নেই, কিন্তু এর বাইরের ছাত্রদের জন্য টিউশন ফিস প্রয়োজন। বাৎসরিক টিউশন ফিস সাধারণত আট থেকে বারো হাজার ইউরোর মধ্যে কিন্তু রোজাল্টের ওপর ভিত্তি করে অনেক সময় বৃত্তি পাওয়া যায় অথবা টিউশন ফিসে অর্ধেক বা সম্পূর্ণ মওকুফ পাওয়া যায়।
বিস্তারিত তথ্যের জন্য আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করুন। ব্যাচেলর এবং মাস্টার্স পর্যায়ে টিউশন ফিস থাকলেও পিএইচডি ডিগ্রি করতে কোনো টিউশন ফিস লাগে না। অধিকন্তু, গবেষণার পরিকল্পনা ভালো হলে মোটা অঙ্কের বৃত্তি পাওয়া যায়। যে কোনো বিষয়ে পড়াশোনা করতেই আপনি ফিনল্যান্ড আসতে পারেন। তবে পড়াশুনার পর এখানে চাকরি পেতে হলে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে।
এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের চাহিদা খুব বেশি। গুগলে গিয়ে সার্চ দিলে ফিনল্যান্ডের সব বিশ্ববিদ্যালয়ের ডেটাবেজ পেয়ে যাবেন। যেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। ফিনল্যান্ডের সব বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর এবং মাস্টার্স পর্যায়ে আবেদন করার সময় জানুয়ারি মাস। পিএইচডি পর্যায়ে বছরের দুবার অ্যাপ্লাই করা যায়। বিষয় এবং বিশ্ববিদ্যালয় ভেদে TOEFL, IELTS বা SAT চাওয়া হয় ইংরেজি ভাষার ওপর দক্ষতা নিশ্চিতের জন্য।
ফিনিশ শিক্ষাব্যবস্থা খুব বাস্তবভিত্তিক বা প্র্যাকটিক্যাল যা আপনাকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য উপযোগী করে গড়ে তুলতে সক্ষম। এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিটা ছাত্র সপ্তাহে পাঁচ কর্ম দিবসে মোট বিশ ঘণ্টা খণ্ডকালীন কাজের অনুমতি পায়। সাপ্তাহিক ছুটির দিনে যেমন শনি এবং রোববার পূর্ণ দিবস বা আট ঘণ্টা কর্ম অনুমতি পাওয়া যায়। একই ভাবে গ্রীষ্ম এবং শীতকালীন ছুটিতেও আপনি পূর্ণ দিবস কাজ করতে পারবেন।









